রাজিবপুর প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুরের ৯টি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।
বুধবার দুপুরে রৌমারী বিওপির দায়িত্বাধীন এলাকায় সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমানের নির্দেশে কোম্পানি কমান্ডার আঞ্জু মিয়া। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
বিজিবি জানায়, রৌমারী বাজার, কলেজপাড়া, সবুজপাড়া, নমদাসপাড়া, টাপুরচর বাজার, দাঁতভাঙ্গা বাজার ও রাজিবপুর বাজারসহ মোট ৯টি পূজামণ্ডপে ইতিমধ্যেই দিন-রাত টহল, রেকি ও মোবাইল পেট্রোল কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নাশকতা ও দুষ্কৃতিকারীদের যেকোনো তৎপরতা রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
প্রতিটি পূজামণ্ডপে স্থানীয় পূজা উদযাপন কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে। এছাড়া পুলিশ, আনসার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে গোয়েন্দা নজরদারি এবং জরুরি সহায়তার জন্য মনিটরিং সেলও গঠন করেছে বিজিবি।
সীমান্তবর্তী এলাকায় ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক আয়োজনের প্রস্তুতিও চলছে। বিজিবির পক্ষ থেকে আশা করা হচ্ছে, এ বছরের শারদীয় দুর্গাপূজা আনন্দময়, নিরাপদ ও সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।
Leave a Reply