এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:
বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। আইনে শাস্তির বিধান থাকলেও অসচেতনতার কারণে এ কুপ্রথা কমছে না। অপরিণত বয়সে বিয়ে ও গর্ভধারণের ফলে কিশোরীরা পড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে।
বাল্যবিবাহের কুফল ও আইন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দিনব্যাপী খেলাধুলা, সাইকেল র্যালি, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার শহীদ লে. সামাদ নগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে, এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় অনুষ্ঠানটি আয়োজন করেন জয়মনিরহাট ইউনিয়ন যুব সংগঠন।
সংগঠনটির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন শহীদ লে. সামাদ নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজিম উদ্দিন সরকার ও উপজেলা ইয়ুথ প্ল্যাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পারভিন সুলতানা, সহকারী শিক্ষক আব্দুল মালেক খোকন, ইউনিয়ন যুব সংগঠনের সহ-সভাপতি লিমা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, বাল্যবিয়ে শুধু মেয়েদের নয়, গোটা সমাজের জন্য একটি অভিশাপ। বাল্যবিয়ে বন্ধে সামাজিক সচেতনতার পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ জরুরি। একই সঙ্গে তারা সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আরও জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
দিনব্যাপী অনুষ্ঠানের খেলাধুলা পরিচালনা ও সঞ্চালনা করেন সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন ও সংগঠনের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী শান্ত। পরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply