জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক এলাকায় ফের বসানো অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শনিবার (তারিখ) সন্ধ্যায় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আবেদনের প্রেক্ষিতে ঢাকা জেলা প্রশাসন, দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ অবৈধ দোকান ও বাসস্ট্যান্ড উচ্ছেদ করেছিল। তবে প্রায় প্রতিদিনই ওই এলাকায় আবারও দোকান বসানো হচ্ছিল, যা শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য নতুন ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এতে যানজট, চাঁদাবাজি এবং শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে।
এ পরিস্থিতিতে শনিবার ছাত্রদল নেতা সুমন সর্দার দোকানদারদের সঙ্গে কথা বলে অবৈধ দোকানপাট সরিয়ে দেন। তিনি বলেন, “শিক্ষার্থী বান্ধব পরিবেশ বজায় রাখা এবং বাহাদুর শাহ পার্কের সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। এসব অবৈধ স্থাপনা শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এবং পরিবেশ নষ্ট করে।”
তিনি আরও যোগ করেন, “জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সক্রিয় থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান, তাই এখানে ছাত্রদলের দায়বদ্ধতা রয়েছে।”
এ সময় ছাত্রদলের অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুদুল ইসলাম, কাওসার হোসাইন, আবু রায়হান, ইয়াসির আরাফাত, আরিফুল ইসলাম আরিফ, মনির হোসেন, রায়হান হোসেন অপু, আবু তাহের, রবিন মিয়া শাওন, আব্দুল্লাহ আল মামুনসহ অনেকে।
Leave a Reply