কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ফখরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সরদার মো. তাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান আলী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে অ্যাডভোকেট ফখরুল ইসলাম ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার পান ১০৭ ভোট। অপরদিকে, সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত অ্যাডভোকেট সরদার মো. তাজুল ইসলাম ১২১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আবুল কাশেম পান ১১২ ভোট।
এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৪৯ জন। এর মধ্যে ২৪১টি ভোট কাস্ট হয় এবং ৬টি ভোট বাতিল হয়।
এছাড়া সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ মোট সাতটি সম্পাদকীয় পদ এবং কার্যনির্বাহী সদস্য পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। ফলে ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির মধ্যে সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকি ১৮টি পদেই বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান আলী জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৭ জনের নাম গত ৩১ আগস্ট ঘোষণা করা হয়েছিল। নির্বাচিত এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
Leave a Reply