কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অরুন চন্দ্র বর্মণ (৪০) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা তাতীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অরুন চন্দ্র স্থানীয় নির্মল চন্দ্র বর্মণের ছেলে। তিনি ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করতেন এবং তিন সন্তানের জনক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ঢাকায় থাকার পর রোববার নিজ বাড়িতে ফেরেন অরুন চন্দ্র। সোমবার সকালে ঘরের ছাদ ঢালাইয়ের সময় উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ সংযোগের তার খোলার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের চিৎকারে প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুনাইগাছ ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য গোলাম রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই অরুন চন্দ্রের মৃত্যু হয়েছিল।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply