কুড়িগ্রাম প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন-২০২৫-এ ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ ও অভূতপূর্ব বিজয় উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা ছাত্রশিবির।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম শহরের গাড়িয়ালপাড়ায় সংগঠনের জেলা কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিককল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি আতাউর রহমান। তিনি বলেন, “ডাকসুর মতো প্রতিটি প্রতিষ্ঠানে ছাত্রশিবিরকে চারিত্রিক বৈশিষ্ট্য, সততা, আদর্শ ও নৈতিকতার মাধ্যমে বিজয়ী হতে হবে। সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকার ও মতামতের প্রতিফলন ঘটায় আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।”
শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “শিক্ষা শুধু প্রচলিত বিদ্যা অর্জন নয়; বরং কোরআন, রাসুল (সা.)-এর সুন্নাহ ও ইসলামি শরীয়তের জ্ঞান অর্জন এবং তা জীবনে প্রয়োগ করা। শিক্ষা জীবনের সব দিক—আচার-আচরণ, নৈতিকতা, সামাজিক সম্পর্ক, অর্থনীতি ও রাজনীতিকে সঠিক পথে পরিচালনার মূল চাবিকাঠি।”
জেলা ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলের মাধ্যমে আয়োজনটি শেষ হয়।
Leave a Reply