ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে কারচুপি ও অনিয়ম ঠেকাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচন। ভোটের দিন সকাল সাড়ে সাতটায় ভোটকেন্দ্রসমূহের ব্যালট বাক্স সিলগালা করে দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবার ভোট গণনার সময় ভোট কেন্দ্রের বাহিরে এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে ভোটের গণনা।
নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে সংবাদ সংগ্রহকারী ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৭টা ৩০ মিনিটে প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স প্রদর্শন করে সিলগালা করা হবে। এ সময় কেন্দ্রগুলোতে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি।
অপর বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনা প্রতিটি ভোটকেন্দ্রের বাহিরে এলইডি স্ক্রীনের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে। কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে।
ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোট ১৮ হাজার ৯৫৯ ও ছাত্র ২০ হাজার ৯১৫ জন।
Leave a Reply