কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চার পা-ওয়ালা এক বিরল কানি বকের দেখা মিলেছে। উপজেলার বালাটারি গ্রামের হাড়িপাতিল ব্যবসায়ী মো. আব্দুর রশিদের বাড়িতে বর্তমানে খাঁচায় রাখা হয়েছে বকটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার (৩ সেপ্টেম্বর) হাড়িপাতিল বিক্রি শেষে বাড়ি ফেরার পথে আব্দুর রশিদ পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকা একটি বক দেখতে পান। কাছে গিয়ে তিনি লক্ষ্য করেন, বকটির দুইটি স্বাভাবিক পায়ের পাশাপাশি ছোট আকারের আরও দুইটি অস্বাভাবিক পা রয়েছে। পরে কৌশলে ধরে খাঁচায় নিয়ে আসেন তিনি।
ঘটনার খবর ছড়িয়ে পড়ায় প্রতিদিনই স্থানীয়রা ভিড় করছেন বিরল এই বকটিকে দেখতে।
দর্শনার্থী মো. আজগর আলী বলেন, “এই বয়সে অনেক বক দেখেছি, কিন্তু চার পা-ওয়ালা বক কখনো দেখি নাই। সবই আল্লাহ পাকের ইচ্ছে।”
আব্দুর রশিদ জানান, তিনি বকটির যথেষ্ট যত্ন নিচ্ছেন এবং প্রতিদিন বাজার থেকে মাছ কিনে এনে খাওয়াচ্ছেন।
ফুলবাড়ীর প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক বলেন, “এটি একটি দেশি প্রজাপতি বক। জন্মগত ত্রুটির কারণেই এর চারটি পা হয়েছে।”
Leave a Reply