কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বউ-শাশুড়ি মেলা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার রামখানা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ল্যাম্ব হাসপাতাল নাগেশ্বরী শাখার উদ্যোগে, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অর্থায়নে এবং উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে মেলাটি অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোযার হোসেন। বক্তব্য দেন প্রধান অতিথি ডা. সুজন সাহা, মেডিক্যাল অফিসার ডা. ফেরদৌসি খাতুন, ডিএসআরএইচআর কেয়ার-এর ডা. সুমাশ্রী রায়, ল্যাম্ব প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আলী আকাশ, প্রজেক্ট অফিসার এককা বাদল প্রমুখ।
মেলায় ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আসা বউ-শাশুড়িরা অংশগ্রহণ করেন। এতে তাদেরকে জানানো হয় মা ও শিশু স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক ডেলিভারি, পরিবার পরিকল্পনা, কিশোর-কিশোরী সেবা, প্রসবপূর্ব ও পরবর্তী সেবার মানোন্নয়নসহ জরায়ুর মুখ ও প্যাথলজিক্যাল পরীক্ষার গুরুত্ব সম্পর্কে।
ল্যাম্ব প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আলী আকাশ বলেন, “বউ-শাশুড়ি নামে এ বিশেষ মেলায় মূলত মেয়েদের স্বাস্থ্যগত বিষয়ে বউয়ের প্রতি শাশুড়ি এবং শাশুড়ির প্রতি বউয়ের দায়িত্ব-কর্তব্য তুলে ধরা হয়েছে।”
Leave a Reply