কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালের সঙ্গে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে। এই সফরের ২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর ফুটবলার মেহেদী হাসান মিঠু।
মিঠু ভুরুঙ্গামারী উপজেলা শহরের দর্জি বজলার রহমানের ছেলে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি অনুরাগী এই প্রতিভাবান খেলোয়াড় স্থানীয় মাঠে বেড়ে উঠেছেন। ২০১২ সালে কারওয়ান বাজার প্রগতি সংঘের হয়ে ঢাকার ফুটবলে অভিষেক ঘটে তার। ২০১৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে নিয়মিত ফুটবল খেলা শুরু করেন।
২০১৮ সালে তিনি সেনাবাহিনীর হয়ে আন্তঃবাহিনী টুর্নামেন্ট জেতেন এবং একই বছরে চট্টগ্রাম আবাহনীর জার্সিতে প্রিমিয়ার লিগে প্রথম উপস্থিতি ঘটে। সর্বশেষ মৌসুমে মিঠু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
মিঠু সেন্টার-ব্যাক, রাইট-ব্যাক ও লেফট-ব্যাক—তিন পজিশনেই সমান দক্ষ। তার ক্লাব ক্যারিয়ারে কারওয়ান বাজার পিএস, টিএন্ডটি ক্লাব মোতিজিল, মুক্তিযোদ্ধা সংসদ ও বসুন্ধরা কিংসসহ বিভিন্ন ক্লাবের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে।
নেপালের বিপক্ষে আসন্ন দুই ম্যাচে বাংলাদেশের রক্ষণভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন মিঠু।
Leave a Reply