কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় রংপুর বিভাগীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে ধান কাটার রিপার, মাসকালাই বীজ, রাসায়নিক সার ও পেঁয়াজ সংরক্ষণের আধুনিক এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মোছাঃ সাইফুন্নাহার সাথীর তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান কৃষকদের সাথে মতবিনিময় করেন এবং তাদের মাঝে কৃষি উপকরণ হস্তান্তর করেন।
উপজেলা কৃষি অফিসার জানান, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭০ জন কৃষক সদস্যের মাঝে উপকরণ বিতরণ করা হয়। প্রতিজন কৃষককে ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএসপি সার ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়াও ১০টি ধান কাটার রিপার মেশিন এবং ৫টি আধুনিক এয়ার ফ্লো মেশিন কৃষকদের মাঝে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, পেঁয়াজ একটি পচনশীল ফসল হওয়ায় সংরক্ষণে কৃষকরা সমস্যায় পড়েন। এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে একজন কৃষক ৩০০ থেকে ৪০০ মণ পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন। ফলে উৎপাদনের সময় দাম কম থাকলেও কৃষকরা আর্থিক ক্ষতি এড়াতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত কৃষক রমেশ চন্দ্র রায় বলেন, “এই প্রথম ধান কাটার মেশিন হাতে পেলাম, খুব ভালো লাগছে।” আরেক কৃষক বলেন, “মাসকালাই বীজ, সার ও ধান কাটার মেশিন পেয়ে আমি অনেক খুশি। কৃষি অফিসারকে ধন্যবাদ জানাই।”
এ সময় অতিরিক্ত কৃষি অফিসার হৈমন্তী রানী, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাইদুল হাসানসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মচারী ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply