বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে নানা অনুষ্ঠানমালার মাধ্যমে এ দিনটি উদযাপন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল। উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, গোলাম ইয়াসিন, সাখাওয়াত হোসেন তৌহিদ ও রফিকুল ইসলাম শান্ত।
অন্যান্যদের মধ্যে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ড্যাব নেতা ডা. ইউনুছ আলী, আশরাফ জুয়েল, মোসলেম উদ্দিন দুলাল মোল্লা, সিনিয়র সদস্য কাজী নিজাম উদ্দিন, কৃষকদলের আহ্বায়ক সুরুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান সোহেল মনা এবং ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান সময়ে দলীয় বিভাজন ভুলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা অত্যন্ত জরুরি। পাশাপাশি বৈষম্যবিরোধী সংগ্রামে জীবন দেওয়া সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।












Leave a Reply