কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায় জানানো হয়েছে। দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনের অবসরে তাকে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ বিদায় অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষককে ঘিরে সবার চোখেমুখে ছিল আবেগের ছাপ।
সকাল সাড়ে ১১টায় ঘোড়ার গাড়িতে করে সহকারী প্রধান শিক্ষককে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে বালারহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. মাহোতাব হোসেন, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান মজি, সাধারণ সম্পাদক মুসাব্বের আলী মুসা, জামায়াত সভাপতি সামচুল হুদা বাবুল, মেঘ বাড়ী হাউজিংয়ের চেয়ারম্যান এমদাদুল হক মিলনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সভাপতি, সহকর্মী ও শিক্ষার্থীরা জাহাঙ্গীর আলমকে ঘোড়ার গাড়িতে করে নিজ গ্রাম নাওডাঙ্গা বকুলতলায় পৌঁছে দেন। গ্রামজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের অশ্রু আর মানুষের আবেগ মিলে বিদায় অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয়।
Leave a Reply