কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে আমিনুল ইসলাম পালোয়ান (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। তিনি উপজেলার বোডের হাট এলাকার বাসিন্দা। রোববার (৩১ আগস্ট) বিকেলে সেনাবাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করেন।
সেনাবাহিনী জানায়, গত ৪ জুন “ইন এইড টু দি সিভিল পাওয়ার” এর আওতায় আটককৃত প্রতারক আমিনুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম সেনা ক্যাম্পের ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২২ বীরের একটি বিশেষ দল অভিযান চালায়। মেজর মোঃ শাহরিয়ার আহাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্তোষপুর বাজার থেকে অবৈধভাবে মজুদকৃত ২০০ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রশাসন বাদী হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। উক্ত মামলায় অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে সেনাবাহিনীর নাম ব্যবহার করে নগদ এক লক্ষ টাকা দাবি করেন আমিনুল ইসলাম। এ সংক্রান্ত অডিও ক্লিপও সংরক্ষিত আছে।
পরে আমিনুল ইসলামকে কুড়িগ্রাম সেনা ক্যাম্পে ডাকা হয় এবং জিজ্ঞাসাবাদের সময় তিনি সেনাবাহিনীর নাম ব্যবহার করে টাকা দাবি করার বিষয়টি স্বীকার করেন। পরবর্তীতে তাকে নাগেশ্বরী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মোঃ শাহরিয়ার আহাদ বলেন, “অপকর্ম ও দুর্নীতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে।”
Leave a Reply