কুড়িগ্রাম প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে অভিযোজন অর্থায়নের দাবিতে কুড়িগ্রামের চরাঞ্চলে জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) সকালে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর পার্বতীপুরে স্থানীয় তরুণদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
চর গবেষণা ও এডভোকেসি সংগঠন ‘জাস্টিস ফর চার্স অ্যান্ড লোকাল রিসার্চ’-এর আয়োজনে অনুষ্ঠিত এ ধর্মঘটে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, নদীভাঙন, বন্যা, কৃষিজমি হারানোসহ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবে চরবাসী প্রতিনিয়ত নিঃস্ব হয়ে পড়ছে। অথচ জাতীয় বাজেট ও উন্নয়ন পরিকল্পনায় চরের সংকটের সঠিক প্রতিফলন নেই।
যাত্রাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আইয়ুব সরকার বলেন, “আমরা দিন দিন অসহায় হয়ে যাচ্ছি। আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে। অথচ আমাদেরও সুবিচার প্রাপ্য।”
ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। চরের মানুষকে পুনর্বাসন, শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি নদীভাঙন ঠেকাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ জরুরি।”
সংগঠনের পরিচালক স্বপন কুমার সরকার বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে চরবাসীরা বাস্তুচ্যুত হচ্ছেন। সামনে কপ-৩০ অনুষ্ঠিত হবে। আমাদের সেখানে যাওয়ার সুযোগ না থাকলেও আমরা কণ্ঠস্বর তুলছি। স্থানীয় তরুণ নেতৃত্বে দীর্ঘমেয়াদি অভিযোজন, গবেষণা ও বাজেট বরাদ্দ এখন সময়ের দাবি।”
এ সময় তরুণ জলবায়ু কর্মীরা কার্বন নিঃসরণ কমানো, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও দ্রুত অভিযোজন অর্থায়নের দাবি জানান।
Leave a Reply