সাহিদ বাদশা বাবু, লালমনিরহাট:
লালমনিরহাটে প্রি-প্রেইড মিটার বাতিল ও বন্ধের দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড লালমনিরহাট বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছেন বিদ্যুৎ গ্রাহকেরা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের বিদ্যুৎ গ্রাহকেরা নেসকোর নির্বাহী প্রকৌশলীর দপ্তরের সামনে এই কর্মসূচি পালন করেন।
এসময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রি-প্রেইড মিটার জনস্বার্থবিরোধী ও হয়রানিমূলক। এই মিটার বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
অপ্রীতিকর ঘটনা এড়াতে নেসকো কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলীর দপ্তরের প্রধান ফটক বন্ধ রাখে। গ্রাহকেরা বলেন, প্রি-প্রেইড মিটার বসানো হলে অতিরিক্ত চার্জ, সার্ভিস ফি ও ভ্যাট পরিশোধ করতে হয় এবং রিচার্জের পরও পর্যাপ্ত ইউনিট পাওয়া যায় না।
এসময় লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
এ বিষয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলী মাহামুদুর রহমান বলেন, প্রি-প্রেইড মিটার সংক্রান্ত সমস্যার সমাধানে জরুরি ভিত্তিতে কাজ করা হবে।
বিক্ষোভ শেষে গ্রাহকেরা প্রি-প্রেইড মিটার বাতিলের দাবিতে নেসকো কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন জমা দেন। আবেদনে উল্লেখ করা হয়—
১. রিচার্জ করার পরও পর্যাপ্ত ইউনিট পাওয়া যায় না।
২. অতিরিক্ত সার্ভিস চার্জ ও ভ্যাট কাটা হয়।
৩. ইন্টারনেট সংযোগ বা সার্ভারের সমস্যায় মিটার অকেজো হয়ে পড়ে।
৪. বয়স্ক ও অশিক্ষিত ব্যক্তিদের জন্য এটি ব্যবহার জটিল।
৫. বিদ্যুৎ চলে গেলে পুনরায় চালু করতে বিশেষ পদ্ধতির প্রয়োজন হয়।
৬. গড় বিল হিসাব না থাকায় অস্বাভাবিক বিল আসে।
এই সব কারণে এলাকাবাসী পুনরায় পোস্টপেইড মিটার চালু করার দাবি জানিয়েছেন।
আবেদনের অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছেও পাঠানো হয়েছে।
Leave a Reply