কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী খেলার মাঠে ভবন নির্মাণের প্রতিবাদ জানিয়ে মাঠ অক্ষত রেখে বিকল্প স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে বজরা এল.কে আমিন ডিগ্রী কলেজ মাঠে এ মানববন্ধন হয়। এতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ক্ষুদে শিক্ষার্থীসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন প্রভাষক শফিকুজ্জামান লিমন, শিক্ষক রাশেদুল ইসলাম, আসাদুল ইসলাম, রাজ্জাকুল ইসলাম, বিএনপি নেতা রোকছেদ আমীন লেবু, মেহেদী হাসান, বিপ্লব মিয়া, সামিউল ইসলাম প্রমুখ। এ সময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বজরা এল.কে আমিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল।
বক্তারা বলেন, “আমরা নতুন ভবনের বিপক্ষে নই। তবে ঐতিহ্যবাহী এ মাঠটি যেন ক্ষতিগ্রস্ত না হয়। মাঠ ছোট হয়ে গেলে শিক্ষার্থীদের খেলাধুলায় সমস্যা হবে।” তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নতুন জায়গায় ভবন নির্মাণের দাবি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা জানান, নতুন ভবন নির্মানের বিষয়ে আমরা অবগত রয়েছি। স্কুল কর্তৃপক্ষ যদি আবেদন করেন, তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ও বিশ্বব্যাংকের সহযোগিতায় কুড়িগ্রাম জেলায় ৫৫ টি প্রাথমিক বিদ্যালয়ের বন্যা আশ্রয়কেন্দ্র নির্মান হবে। এরই ধারাবাহিকতায় উলিপুর উপজেলার বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মানের কাজ চলমান রয়েছে।
Leave a Reply