কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
রৌমারীতে বিরাট জনসভায় ব্রিগেঃ জে. রহমান ( শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান)
রৌমারী থানা ও তদসংলগ্ন চিলমারী, উলিপুর, সুন্দরগঞ্জ ও দেওয়ানগঞ্জ থানা সমূহের মুক্ত অঞ্চল গুলির প্রশাসনের জন্য স্বাধীন বাংলা সরকার একটি সাব জোনের সৃষ্টি করেছে এবং গত ২৮ শে আগষ্ট বেসামরিক প্রশাসন আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়। এই উপলক্ষে এক বিরাট জনসভায় বক্তৃতাদান কালে ব্রিগেঃ জে. রহমান সাহেব বলেন যে, আজকের দিনটি রৌমারী ও তদসংলগ্ন মুক্ত এলাকা সমূহের অধিবাসীদের জন্য একটি গৌরবময় দিন কারণ স্বাধীন বাংলা সরকারের বেসামরিক প্রশাসন বাংলাদেশের মুক্ত অঞ্চল গুলির মধ্যে এই অঞ্চলেই সর্ব প্রথম চালু করা হল। স্বাধীন বাংলার সংগ্রামী ইতিহাসের এক গৌরবময় অধ্যায় আজ রচিত হল। তিনি দীপ্ত কণ্ঠে ঘোষনা করেন স্বাধীন বাংলার পতাকা ইনশাল্লাহ্ চারদিনের জন্য এখানেই উড্ডীয়ান থাকবে। নতুন সরকারকে জিয়িয়ে রাখা এদেশের জনসাধারণের কর্তব্য। সরকারের সকল কাজে পূর্ণ সহযোগীতা করার জন্য তিনি জনসাধারণকে আহবান করেন। বাংলাদেশের অধিকৃত অঞ্চল গুলিতে দস্যু পাঞ্চাবী বাহিনীর বর্বরতার ইতিহাস বর্ণনা করে তিনি বলেন, বাংলাদেশের সকল সুস্থ নারী পুরুষকে সামরিক শিক্ষা গ্রহণ করতেই হবে এবং যে কোন মূল্যে বিদেশী দস্যু বাহিনীকে এদেশের পবিত্র মাটি থেকে বিতারিত করতেই হবে এবং সে দিন আর বেশি দেরি নাই যে দিন তারা এদেশ ছেড়ে পালাতে বাধ্য হবে।
সুত্রঃ সাপ্তাহিক অগ্রদূত, ১ম বর্ষ, ১ম সং্খ্যা, ১৪ই ভাদ্র,১৩৭৮, ৩১ আগস্ট,১৯৭১।
(শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় সাপ্তাহিক অগ্রদূত পত্রিকা রৌমারী হতে চালু হয়।)
Leave a Reply