কুড়িগ্রাম প্রতিনিধি:
“চরাঞ্চলে শিক্ষার সুযোগ সৃষ্টি করি, মেয়ে শিশুর ভবিষ্যৎ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি করেছে যাত্রাপুর যুব সংগঠন।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নৌকা ঘাট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্প ও আরডিআরএস বাংলাদেশ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর, ফেডারেশনের সভাপতি আব্দুল জব্বার, সিএনবি প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর শফিয়ার রহমানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, যাত্রাপুর ইউনিয়নটি নদীবেষ্টিত এলাকা হওয়ায় নদী ভাঙনের কারণে এর বড় অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। চরাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় বহু শিশু, বিশেষত মেয়েরা বাল্যবিবাহের শিকার হচ্ছে। তাই বাল্যবিবাহ রোধ ও শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিতে দ্রুত বিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন।
ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, “শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে চরাঞ্চলে বিদ্যালয় স্থাপন অত্যন্ত জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানের অভাবেই এখানকার শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। সরকারের উচিত দ্রুত চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যবস্থা করা।”
Leave a Reply