রৌমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সিসি ক্যামেরায় নজরদারি চালিয়ে মাদক ব্যবসার চেষ্টা ব্যর্থ হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকালে উপজেলার খাটিয়ামারী গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদারের নেতৃত্বে মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযানে ৩৩০ পিস ইয়াবা উদ্ধার ও দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটকরা হলেন ফকির চাঁনের স্ত্রী মফিতা বেগম ও স্থানীয় মাদক কারবারি নিজাম উদ্দিন। তবে অভিযানের সময় মূল আসামি ফকির চাঁন পালিয়ে যান।
টাস্কফোর্স জানায়, বাড়ি তল্লাশিতে ১৫টি সিসি ক্যামেরা, একটি ডিভিআর, একটি মনিটর ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি নজরে রাখার কাজে ব্যবহার করা হতো।
ইউএনও বলেন, ‘নির্বিঘ্নে মাদক ব্যবসা করার জন্য বাড়িটির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করা হতো। টাস্কফোর্সের অভিযানে মাদক উদ্ধারসহ দুই অভিযুক্তকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা নেওয়া হয়েছে।’
Leave a Reply