জবি প্রতিনিধি:
দুই দফা দাবিতে টানা ছয় ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, রেজিস্ট্রারসহ প্রশাসনিক ভবনের শীর্ষ কর্মকর্তারা।
আজ রোববার বিকেল সাড়ে ৩টা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘নো ওয়ার্ক’ কর্মসূচি শুরু করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। এই সময় ভেতরে থাকা কর্মকর্তারা বাইরে বের হতে পারেননি এবং বিভিন্ন রুটিন কাজের জন্য আসা শিক্ষক-কর্মকর্তাদেরও ফাইল হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৯টা) উপাচার্যসহ সবাই অবরুদ্ধ রয়েছেন।
শিক্ষার্থীরা যে দুই দফা দাবি নিয়ে আন্দোলন করছেন সেগুলো হলো—
১. জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালা চূড়ান্তকরণ ও রোডম্যাপ ঘোষণা।
২. সম্পূরক বৃত্তির চূড়ান্ত ঘোষণা।
এর আগে বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের কক্ষের সামনে ‘ব্রেক দ্য সাইলেন্স’ শীর্ষক কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “আমরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত এবং তাদের দাবি যৌক্তিক। জকসুর নীতিমালা সংশোধন করা হয়েছে, এখনও হাতে পাইনি। আশা করছি শিগগিরই পাব। নীতিমালা হাতে পেলে মঙ্গলবার সিন্ডিকেট মিটিং করে পাস করব। এরপর বুধবার বা বৃহস্পতিবার ইউজিসিতে পাঠানো হবে। অধ্যাদেশ হয়ে গেলে রোডম্যাপ ঘোষণা করা সম্ভব হবে। এরপর নির্বাচনী কার্যক্রম শুরু হবে।”
Leave a Reply