কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কয়েলের আগুনে গোয়াল ঘর পুড়ে শামসুল হক নামে এক কৃষকের ৩টি গরু ও ১টি ছাগল ভস্মীভূত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রামরাম সেন গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। এসময় গবাদিপশুগুলোর চিৎকারে ঘুমন্ত পরিবারের লোকজন জেগে ওঠে। তারা প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা চালালেও ততক্ষণে গরু-ছাগল পুড়ে মারা যায়। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় গোয়াল ঘর ও গবাদিপশুসহ প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ বলেন, “শামসুল হক একজন কৃষক। কয়েলের আগুনে তার কয়েকটি গবাদিপশু মারা গেছে। তাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা হবে।”
Leave a Reply