রৌমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় “অভিযোজন বৃদ্ধি ও দুর্যোগ হ্রাস কল্পে টেকসই অবকাঠামো (RIVER)” প্রকল্পের আওতায় ফ্লাড শেল্টার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন এই প্রকল্পের অর্থায়ন করছে বিশ্বব্যাংক। এর মাধ্যমে সারা দেশের দুর্যোগপ্রবণ ও নদী বিধৌত এলাকায় ৫০০টি স্কুলকাম আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। রৌমারী উপজেলায় ১০টি স্কুলকাম ফ্লাড শেল্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট বহুমুখী ব্যবহারযোগ্য এই ভবন নির্মাণে ব্যয় হবে প্রায় ৬ কোটি ৯৬ লাখ টাকা। প্রকল্পটির উদ্দেশ্য হলো দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষতি কমানো, রক্ষণাবেক্ষণ ও সঠিক ব্যবহারের পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মনছুরুল হক, উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ডিডিসি কনসালটেশন ফার্মের ডিআরই মো. আনোয়ার হোসেন, উপসহকারী প্রকৌশলী লিমন আহমেদ, ঠিকাদারি প্রতিষ্ঠান এমজেসিএল-স্ট্যান্ডার্ড জেভির ডিপিএম মো. আল আমিন, সাইট ইঞ্জিনিয়ার মো. সাদ্দাম হোসেন, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, সাবেক এসএমসি সভাপতি আব্দুল মোমেন, ফিল্ড অফিসার শাহ মো. আব্দুল মোমেন, শাহনাজ খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply