রনবীর রায় রাজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম):
ধরলা নদীর ভাঙন ঠেকাও, চর গোরক মণ্ডপ এলাকাবাসীকে বাঁচাও এই দাবিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ধরলা নদীর পূর্বপাড়ে দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে চর গোরক মণ্ডপ এলাকার নদীভাঙন কবলিত মানুষজন।
মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা শাহাদত হোসেন, আব্দুল হালিম জাফর, গোলাম মাওলা, আজিজুল ইসলাম আজিজ, জাহিদ হাসানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ধরলার ভয়াবহ ভাঙনে ইতোমধ্যে এলাকার বহু জমি নদীগর্ভে বিলীন হয়েছে। শত শত পরিবার বসতভিটা হারানোর ঝুঁকিতে রয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, আবাদি জমি ও ঘরবাড়ি নদীতে বিলীন হবে।
তারা আরও বলেন, নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া এই সংকট সমাধান সম্ভব নয়। তাই জরুরি ভিত্তিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
Leave a Reply