কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সহকারী শিক্ষক আব্দুল জলিলকে ঘোড়ার গাড়িতে করে রাজকীয় বিদায় জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের অডিটরিয়াম হলে এক আলোচনা সভার মধ্য দিয়ে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মাহাতাব হোসেন, একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, সাবেক শিক্ষক সাউদ মো. হারুন অর রশিদ প্রমুখ।
আলোচনা সভার আগে বিদায়ী শিক্ষক আব্দুল জলিল সরকারকে ফুলের মালা, ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে ঘোড়ার গাড়ির সিংহাসনে বসিয়ে তাকে রাজকীয়ভাবে উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে নিজ বাড়ি মাস্টারপাড়ায় পৌঁছে দেওয়া হয়।
বিদায়ী শিক্ষক আব্দুল জলিল বলেন,
“কখনো ভাবিনি এত সম্মান ও বর্ণাঢ্য আয়োজনে আমার বিদায় হবে। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় আমি ধন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব।”
শিক্ষার্থী আশরাফুল ইসলাম বলেন,
“জলিল স্যার অত্যন্ত ভালো মানুষ। তিনি আমাদের বাবার মতো সব সময় আদর ও মমতা দিয়ে পড়াতেন। আজ আমরা একজন ভালো স্যারকে হারালাম। স্যারের দীর্ঘায়ু কামনা করি।”
উল্লেখ্য, আব্দুল জলিল সরকার ১৯৮৯ সালের ৭ আগস্ট ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক (বিএসসি) পদে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি অংক ও বিজ্ঞান পড়াতেন এবং খোলামনের শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের কাছে ছিলেন অত্যন্ত প্রিয়। অভিজ্ঞতার কারণে একাধিকবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বও পালন করেছেন।
Leave a Reply