কুড়িগ্রাম প্রতিনিধি:
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য ৯ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় জেলা শহরের কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিবার, কুড়িগ্রাম জেলার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন স্কুলের অর্ধ শতাধিক শিক্ষক অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নারায়ণ চন্দ্র রায়, সহকারী শিক্ষক মো. আবু তৈয়ব, মো. শাহ আলম, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোয়াজ্জেম হোসেন ও মো. রেজাউল ইসলাম।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকরা অবহেলিত ও বঞ্চিত হয়ে আসছেন। একই গ্রেডে নিয়োগপ্রাপ্ত অন্যান্য ক্যাডার কর্মকর্তা আর্থিকভাবে বহুগুণ অগ্রগতি অর্জন করলেও মাধ্যমিক সহকারী শিক্ষকরা এখনও প্রাপ্য মর্যাদা ও সুবিধা থেকে বঞ্চিত। দ্রুত ৯ম গ্রেড বাস্তবায়নের মাধ্যমে এই বৈষম্যের অবসান ঘটানোর দাবি জানান তারা।
তারা আরও বলেন, শিক্ষকরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার দায়িত্ব পালন করেও যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না। এ অবস্থার পরিবর্তন না হলে শিক্ষক সমাজের মধ্যে অসন্তোষ বাড়বে এবং তা শিক্ষা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
Leave a Reply