কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের শিক্ষার মান উন্নয়নে তিন কলেজের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষের আমন্ত্রণে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ কাজী শফিকুর রহমান এবং মজিদা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবেদ হোসেন।
সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আতাউল হক খান চৌধুরী। তিনি কুড়িগ্রামের শিক্ষার মানোন্নয়নে তিনটি কলেজের গুরুত্ব তুলে ধরেন।
কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ কাজী শফিকুর রহমান বলেন, “পরীক্ষা গ্রহণের মানদণ্ড এক হলে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হবে এবং কুড়িগ্রামের শিক্ষার্থীরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ স্থানে নিজেদের অবস্থান তৈরি করতে পারবে।”
প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, “কুড়িগ্রামের সকল শিক্ষার্থী আমাদের সন্তান। তিন কলেজই আমাদের, আমরা সবাই মিলে জেলার উন্নয়নে কাজ করে যাব।”
মজিদা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবেদ হোসেন বলেন, শিক্ষার্থীদের উন্নয়নে পরস্পরকে যেকোনো ধরনের সহযোগিতা দিতে তাঁরা প্রস্তুত।
এছাড়া কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের প্রধান প্রফেসর মোঃ এরশাদুল হক, মজিদা আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হালিম ও রেজাউল করিম সভার গুরুত্ব তুলে ধরে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় তিন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সর্বশেষে তিন কলেজের প্রশাসনের পক্ষ থেকে জেলার শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত পোষণ করা হয়।
Leave a Reply