কুড়িগ্রাম প্রতিনিধি:
“মাদক হঠাঁও, কুড়িগ্রাম বাচাও” স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম টু যাত্রাপুর সড়কে মাদকবিরোধী অভিযাত্রা করেছে কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটি। বুধবার (২০ আগস্ট) বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের ঘোষপাড়া এলাকা থেকে যাত্রা শুরু হয়ে যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর হাটে গণসমাবেশ ও শপথ অনুষ্ঠানের মাধ্যমে এ অভিযাত্রার সমাপ্তি ঘটে।
অভিযাত্রায় নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা মাদক প্রতিরোধ কমিটির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। এতে বিভিন্ন পেশার মানুষ, শ্রমজীবী জনগণসহ স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
গণসমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলার মাদক প্রতিরোধ কমিটির সদস্য সচিব মো. আবুল আখের। এসময় বক্তব্য রাখেন জেলা মাদক প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও বিশিষ্ট সাংবাদিক এস. এম. আশরাফুল হক রুবেল, জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক নাজমুন্নাহার বিউটি, জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, শিক্ষক দেওয়ান এনামুল হক, ডাক্তার রাকিবুল হাসান বাঁধন এবং রহিমুদ্দীন হায়দার রিপনসহ অন্যান্যেরা।
বক্তারা মাদকের ভয়াবহ প্রভাব তুলে ধরে তরুণ প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। সমাবেশে উপস্থিত সবাই মাদককে না বলার শপথ নেন।
Leave a Reply