ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ২৮টি পদের বিপরীতে ৫৬৫টি মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী, সোমবার ছিল ফরম বিতরণের শেষদিন। কিন্তু এদিন রাতে ফরম বিক্রি ও জমা দেওয়ার সময় একদিন করে বাড়ানো হয়েছে। সেই অনুযায়ী, আজ মঙ্গলবার ফরম কেনা এবং কাল বুধবার জমা দেওয়ার শেষদিন নির্ধারিত হয়েছে।
সোমবার ইসলামী ছাত্রশিবিরসহ তিনটি ছাত্র সংগঠন তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), বাম ছাত্র সংগঠনসহ অধিকাংশের প্যানেল ঘোষণা হবে আজ। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা বাগছাস-এর হয়ে নির্বাচন করছেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যসহ বেশ কয়েকটি স্বতন্ত্র প্যানেল ফরম সংগ্রহ করেছে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রার্থী ও সমর্থক শিক্ষার্থীদের পদচারণা ছিল চোখে পড়ার মতো।
পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী, ফরম কেনার শেষদিন সোমবার থাকায় প্রায় অধিকাংশ প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। ডাকসু নির্বাচনে প্রার্থীদের মোট মনোনয়নপত্র সংগ্রহ দাঁড়িয়েছে এখন পর্যন্ত ৫৬৫ জনে। অন্যদিকে হল সংসদে সলিমুল্লাহ মুসলিম হলে ৭১ জন, শহীদুল্লাহ হলে ৯৭, জগন্নাথ হলে ৬৬, ফজলুল হক মুসলিম ৭৮, জহুরুল হক হলে ৯৩, সূর্যসেন হলে ৯০, মুহসিন হলে ৭৪, শামছুন্নাহার হলে ৩৭, জসীমউদ্দীন হলে ৭৪, জিয়াউর রহমান হলে ৮৭, শেখ মুজিবুর রহমান হলে ৬৯, সুফিয়া কামাল হলে ৪০, রোকেয়া হলে ৪৬, কুয়েত মৈত্রী হলে ২৯, ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩০, অমর একুশে হলে ৮৪, বিজয় একাত্তর হলে ৮৮, এফ রহমান হলে ৭৩ জনসহ এক হাজার ২২৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার বিকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বলেন, ‘ডাকসুতে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এখানে কেউ কোনো দলীয় পরিচয়ে মনোনয়ন নেয়নি। ভোটগ্রহণের আগের দিন পর্যন্ত কোনো প্রার্থীর নাম অপরাধীর তালিকায় পাওয়া গেলে তাকে প্রার্থিতা থেকে বাদ দেওয়ার সুযোগ আছে।’ তবে কোন পদে কতটি বিক্রি হয়েছে, তা জানাতে পারেননি তিনি। মনোনয়ন ফরম ৩০০ টাকা নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন।
মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের সময় বাড়ল এক দিন : মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের সময় এক দিন করে বাড়িয়ে যথাক্রমে ১৯ আগস্ট বিকাল ৫টা এবং ২০ আগস্ট বিকাল ৫টা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা আনন্দের সঙ্গে লক্ষ করছি, ২০২৫ সালের ডাকসু নির্বাচন কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আরও লক্ষ করেছি, বিপুলসংখ্যক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহের জন্য ভিড় করলে কোনো কোনো হল ও কেন্দ্রীয় দপ্তর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। এ অবস্থায় গণতান্ত্রিক অধিকারচর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের সময় এক দিন করে বাড়িয়ে যথাক্রমে ১৯ আগস্ট বিকাল ৫টা এবং ২০ আগস্ট বিকাল ৫টা করা হলো।’
এর আগে বেলা ১২টায় ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর ব্যানারে মনোনয়নপত্র সংগ্রহ করে ইসলামী ছাত্রশিবিরের প্যানেল। এর ঠিক পরই গণঅধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ মনোনয়নপত্র সংগ্রহ করে। এদিন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), বাম ছাত্র সংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্রজোটের প্যানেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যসহ বেশ কয়েকটি স্বতন্ত্র প্যানেল ফরম সংগ্রহ করেছে। অন্যদিকে ছাত্রদল ব্যক্তিপর্যায়ে মনোনয়নপত্র সংগ্রহ করে। আর এসব প্যানেলের মধ্যে শুধু ইসলামী ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ এবং ইসলামী ছাত্র আন্দোলন তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে। বাকি ছাত্র সংগঠনগুলো আজ তাদের চূড়ান্ত পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারে।
Leave a Reply