কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে ধরলা নদীর ভয়াবহ ভাঙন রোধে নিজেদের উদ্যোগে বালুভর্তি জিও ব্যাগ ও টিউব ফেলে ‘প্রতীকী প্রতিবাদ’ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৮ আগস্ট) বিকালে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছাটকালুয়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এনসিপির এই ব্যতিক্রমী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। এছাড়াও কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় বাসিন্দারা এতে অংশ নেন।
ড. আতিক মুজাহিদ বলেন, “আমাদের নদী ভাঙছে, মানুষের ঘরবাড়ি ভাঙছে। অথচ একশ্রেণির মানুষ ভাঙনকে ব্যবসায়িক সুযোগ হিসেবে দেখছে। তাই আমরা গ্রামবাসীকে সঙ্গে নিয়ে নিজ অর্থায়নে প্রতীকী প্রতিবাদ করছি। পরবর্তীতে অন্যান্য এলাকাতেও একইভাবে কাজ করবো।”
তিনি আরও বলেন, “আমরা জানি অল্প কিছু জিও ব্যাগ দিয়ে বিশাল এলাকার নদীভাঙন রোধ সম্ভব নয়। তবে সরকারের যে অব্যবস্থার কারণে মানুষ দুর্ভোগে পড়ছে, তারই প্রতিবাদ জানাতে এ কর্মসূচি। আমরা চাই দ্রুত সরকারিভাবে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হোক।”
সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির এ নেতা বলেন, “আমরা ত্রাণ চাই না, চাই টেকসই বাঁধ। ৫ কোটি টাকার ত্রাণের চেয়ে ৫ কোটি টাকার জিও ব্যাগ ফেললে অসংখ্য মানুষের বসতভিটা রক্ষা পাবে। নদীভাঙনে মানুষকে আর বাস্তুহারা হতে হবে না।”
Leave a Reply