নিজস্ব প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কান্তার মোড় এলাকায় আপন বাবার হাতে মেয়ের ধর্ষণের ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রায় এক মাস আগে ঘটনার পর মামলা হলেও এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্ত। এ নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ও বিভিন্ন সংগঠন।
এলাকাবাসীর অভিযোগ, ধর্ষক কাশেম (৫৫) তার ছেলে শাহজালালকে (২৮) সঙ্গে নিয়ে পলাতক রয়েছে। উল্টো তারা ভুক্তভোগী মেয়েটিকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এবং হত্যার চেষ্টার কথাও বলছে। নিরাপত্তাহীনতার কারণে ভুক্তভোগী বর্তমানে গ্রামবাসীর কাছে আশ্রয় নিয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে ভুক্তভোগী বলেন, “আমি আমার বাবার ফাঁসি চাই। আমি তার বাড়িতে নিরাপদ নই। যেখানে আশ্রয় নিয়েছি, সেখানে তারা হামলা চালাচ্ছে এবং আমাকে হত্যার হুমকি দিচ্ছে।”
ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ধর্ষক ও তার ছেলের দোকান তালাবদ্ধ করে রাখলেও প্রভাবশালীদের সহায়তায় পরে তা খুলে দিলে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এতে এলাকাবাসী, রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন এবং পূর্ব দুধকুমার পাড় যুব সংগঠন একত্রে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সুব্রত কুমার ভট্টাচার্য, চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, পূর্ব দুধকুমার পাড় যুব সংগঠনের উপদেষ্টা মোঃ বদিউজ্জামান, সভাপতি মোঃ সুমন মিয়া, সাধারণ সম্পাদক রাসেল মিয়া, স্থানীয় পল্লী চিকিৎসক মোঃ আমিনুর রহমানসহ গ্রামের শতাধিক নারী-পুরুষ। বক্তারা বলেন, “এ ধরনের জঘন্য ঘটনার বিচার না হলে সমাজে অপরাধ আরও বাড়বে। আমরা চাই, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা হোক।”
এ বিষয়ে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মামলা গ্রহণ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে এবং দ্রুতই আসামিকে আইনের আওতায় আনা হবে।”
Leave a Reply