মাইদুল ইসলাম মামুন, নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী শহরে মডেল মসজিদের পাশের গোদ্ধারের বিল থেকে কচুরিপানার নিচে সহিবুর রহমান স্বপন প্রধান (৬৫) নামে অবসরপ্রাপ্ত সাবরেজিস্টারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয়রা মরদেহ ভেসে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত স্বপন প্রধান মুজিব সরকারের সময় সাবরেজিস্টার পদে চাকরি করতেন। পাশাপাশি তিনি বিল সংলগ্ন হলিকেয়ার ক্লিনিকের মালিক ছিলেন। তার বাড়ি উপজেলার সাতানী পাড়ায়।
স্থানীয় সূত্র জানায়, কয়েক বছর আগে তিনি গোদ্ধারের বিলের পাশে জমি কিনে “লেক সিটি” নামে একটি প্রকল্প গড়ে তোলেন। প্রায়ই তিনি ক্লিনিকের পাশের গোলঘরে বসতেন। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ কচুরিপানার নিচে ফেলে রাখা হয়।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের সৎ ভাই তালহাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, মরদেহ কচুরিপানার নিচে লুকানো ছিল। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
Leave a Reply