নাগেশ্বরী প্রতিনিধি:
গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নাগেশ্বরী সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে কলম, পেন্সিল, স্কেলসহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা ও কলেজের অধ্যক্ষ ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস উপজেলা শাখার সভাপতি মোঃ মাইদুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী সুমন, সহ-সভাপতি আব্দুর রহিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল বলেন, “পরিবেশ রক্ষা মানে নিজের ভবিষ্যৎ রক্ষা করা। তাই গাছ লাগানো, প্লাস্টিক দূষণ কমানো ও চারপাশ পরিচ্ছন্ন রাখা জরুরি। পাশাপাশি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার ও ইতিবাচক মনোভাব অপরিহার্য।”
সভাপতি মোঃ মাইদুল ইসলাম মামুন বলেন, “গ্রীন ভয়েস শুধু পরিবেশ নয়, সমাজ ও শিক্ষার্থীদের কল্যাণেও কাজ করে।”
সাধারণ সম্পাদক শাহজাহান আলী সুমন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পরিবেশ সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষা ও পরিবেশ দেশের উন্নয়নের মূল ভিত্তি।”
সমাপনী বক্তব্যে সহ-সভাপতি আব্দুর রহিম জানান, গ্রীন ভয়েস সবসময় সমাজ, পরিবেশ ও শিক্ষার উন্নয়নে সক্রিয় থাকবে। এ আয়োজন কেবল পরীক্ষার উপকরণ বিতরণ নয়, বরং শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ ও অনুপ্রেরণার প্রতিফলন।
Leave a Reply