জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘নারীর স্বাস্থ্য কথন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২১৫ নম্বর কক্ষে বসুন্ধরা শুভসংঘ জবি শাখার উদ্যোগে এবং মোনালিসার সৌজন্যে এ সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৩শ’র বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে Menstrual Hygiene Awareness Initiative-2025 বিষয়ে সচেতনতামূলক আলোচনা হয় এবং নারীর স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়।
উদ্বোধনী বক্তব্যে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মিরাজ হোসেন বলেন, “আমাদের সমাজে নারীদের এই বিষয়গুলো এখনো অবহেলিত। বসুন্ধরা শুভসংঘের এ আয়োজন প্রশংসনীয়। আশা করি ভবিষ্যতেও তারা শিক্ষার্থীদের পাশে থাকবে।” তিনি নারী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়াশরুমে ভেন্ডিং মেশিন স্থাপনের দাবি জানান।
বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপ সেক্টর-সি এর হেড অব ইভেন্ট সানাউল শিকদার ও ব্র্যান্ড ম্যানেজার কারিমুল আরাফাত। তারা নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত উন্নয়ন এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেন। পাশাপাশি মোনালিসা স্যানিটারি প্যাডের বিভিন্ন সুবিধা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে জবি বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. জুনায়েত শেখ বলেন, “নারীর স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা প্রয়োজনীয় স্বাস্থ্য জ্ঞান ও সঠিক তথ্য পাবে বলে আমরা বিশ্বাস করি।”
সেমিনারটি সঞ্চালনা করেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া লিশা। অনুষ্ঠানে শুভসংঘের সদস্য নাইম, তৌফিক, তানভীর, মোহন, সুহাইল, সাকেরুল, তিশা, রাসেল, রিংকু, বুশরাত, রিফাত, সামিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply