পাবিপ্রবি প্রতিনিধি:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) হলের সিট বণ্টনে অনিয়মের অভিযোগ তুলে ১০% সংরক্ষিত কোটা ও জুলাই ৬ হলের বিতর্কিত ফলাফল বাতিলের দাবিতে ৫ শিক্ষার্থী আমরণ অনশনে বসেছেন।
অনশনরতরা হলেন— বাংলা বিভাগের মিকাইল হোসেন, গণিত বিভাগের তৌফিক হায়াত ওয়াসিম ও সাখাওয়াত হোসাইন, সমাজকর্ম বিভাগের সোহেল রানা এবং পদার্থবিজ্ঞান বিভাগের আবু জিহাদ।
শিক্ষার্থীদের অভিযোগ, গত ৬ আগস্ট জুলাই ২০২০-২১ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য হলে ওঠার ফলাফল প্রকাশ করা হয়। সেখানে সিজিপিএ ভালো ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা সিট না পেলেও কম সিজিপিএ ও আর্থিকভাবে সচ্ছল শিক্ষার্থীরা সিট পেয়েছেন। এছাড়া প্রশাসনের জন্য সংরক্ষিত ১০% সিট রাজনৈতিক বিবেচনায় বণ্টন করা হয়েছে, যা যোগ্য শিক্ষার্থীদের বঞ্চিত করেছে।
তাদের দাবি, সংরক্ষিত ১০% সিট ও বিতর্কিত ফলাফল বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সিট বণ্টন করতে হবে। বিশেষ করে বাসা দূরে, আর্থিকভাবে অসচ্ছল, পিতৃহীন এবং যারা টিউশনি করে পড়াশোনা চালাচ্ছে—এমন শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে।
গণিত বিভাগের ওয়াসিম বলেন, “দূরত্ব ও আর্থিক অসচ্ছলতার কারণে আমি সিট পাওয়ার যোগ্য ছিলাম। কিন্তু রাজনৈতিক প্রভাবে অনেক অযোগ্য শিক্ষার্থী সিট পেয়েছে। আমি চাই সিট বণ্টন হোক ন্যায্যতার ভিত্তিতে, আমি পাই বা না পাই।”
এ বিষয়ে জুলাই ৬ হলের প্রভোস্ট ড. মো. কামরুজ্জামান বলেন, “এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। ভিসি স্যার ঢাকায় আছেন, উনি এলে সিদ্ধান্ত জানাবেন।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল-আওয়ালকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
Leave a Reply