আব্দুল্লাহ আল আমিন, কুড়িগ্রাম (সদর) প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এক সমাবেশ ও গণ-মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে এই কর্মসূচি পালিত হয়।বিকেল ৪টার দিকে জেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি গণ-মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলটি শহরের প্রতিটি মোড়ে বিগত সরকারের বিরুদ্ধে স্লোগানে মুখর ছিল। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
গণ-মিছিল শেষে শাপলা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব শাহজাহান মিয়া বলেন,
“জুলাই গণঅভ্যুত্থান ছিল এ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার রক্ষার এক গৌরবময় অধ্যায়। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও আমরা এখনো সেই চেতনার বাস্তব প্রতিফলন দেখতে পাইনি। দেশে এখনো অবিচার, দুর্নীতি ও দমন-পীড়নের সংস্কৃতি চলছে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ নুর বখত মিঞা, সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, দেশের প্রকৃত স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
ইসলামী আন্দোলনের এই কর্মসূচিকে কেন্দ্র করে শহরে ছিল বাড়তি পুলিশি তৎপরতা। তবে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
Leave a Reply