ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের হামলায় দুই মাদ্রাসা শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের ময়নুল হকের ছেলে মইন বাবু (১৮) এবং পাইকেরছড়া ইউনিয়নের আদর্শ মোড় এলাকার আব্দুল গফুরের ছেলে আব্দুল্লাহ আল জোবাইর (১৯)। তারা উভয়েই ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, গত ১৭ জুলাই আলিম টেস্ট পরীক্ষা শেষে এক সহপাঠী ছাত্রীসহ বাড়ি ফেরার পথে উপজেলা সাব-রেজিস্টার অফিসের সামনে কিশোর গ্যাংয়ের একদল সদস্য তাদের পথরোধ করে ছাত্রীটির সঙ্গে থাকার কারণ জিজ্ঞেস করে। পরে তাদের চলে যেতে বলা হলে তারা রাজি না হওয়ায় একপর্যায়ে গালিগালাজ ও ঘুষি মেরে ভয়ভীতি দেখায়।
এই ঘটনার জের ধরে ২০ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শেষে ছাত্রাবাসে ফেরার পথে উপজেলা পরিষদ চত্বরে আবারও একই গ্যাংয়ের সদস্যরা তাদের আটক করে উপজেলা হলরুমের পেছনে নিয়ে যায়। সেখানে দুইজনকে কিলঘুষি, লাথি ও মারধরের পাশাপাশি গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। হামলাকারীরা তাদের দাড়ি উপড়ে ফেলে, পকেটে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয় এবং কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও বিবাদীপক্ষ শালিসে উপস্থিত না হওয়ায় মইন বাবুর পিতা ময়নুল হক বাদী হয়ে ২৯ জুলাই ভূরুঙ্গামারী থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করে মামলা (নম্বর ২৩/ তারিখ: ২৯/০৭/২০২৫) দায়ের করেন।
মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন:
১. মোঃ নাঈম হোসেন (২২),
২. মোঃ আনাস উদ্দিন (২০),
৩. মোঃ ফাহিম (১৮),
৪. মোঃ নাহিদ মিয়া (২২),
৫. শ্রী বিরাজ (১৮),
৬. মোঃ রুমান মিয়া (২০),
৭. মোঃ তাসফিক (২০),
৮. শ্রী প্রনব (১৮)
সকলেই ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Leave a Reply