কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পূর্ব জুম্মাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই কৃষক পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩০ জুলাই) রাত ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন—স্থানীয় কৃষক নুর ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম ও তার ছোট ভাই জাহিদুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে প্রথমে জাহাঙ্গীর আলমের ঘরে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে জাহিদুল ইসলামের বাড়িতেও। আগুন নেভাতে স্থানীয়রা আপ্রাণ চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও রাস্তা না থাকায় গাড়ি নিয়ে যেতে পারেননি। পায়ে হেঁটে পৌঁছানোর আগেই আগুন সবকিছু গ্রাস করে ফেলে। আগুনে পুড়ে যায় দুই পরিবারের ৬টি টিনের ঘর, আসবাবপত্র, জামাকাপড়, বাইসাইকেল, গোয়ালঘরের ৩টি গরু, ৩টি ছাগল এবং অর্ধশতাধিক হাঁস-মুরগি।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়েই আমি ঘটনাস্থলে যাই। পরিবার দুটি এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষাধিক টাকা। তালিকা উপজেলা প্রশাসনের নিকট দাখিল করা হয়েছে।”
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে তিনি অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে শুকনা খাবার সহ সামান্য ত্রাণসামগ্রী দেয়া হয়েছে। তাদের ঘর নির্মাণের জন্য সহায়তা দেয়া হবে।
স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তা নির্মাণ না হলে ভবিষ্যতেও এমন দুর্ঘটনায় উদ্ধারকাজ ব্যাহত হতে পারে।
Leave a Reply