অনলাইন ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাস ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলার উদ্যোক্তা আব্দুর রাজ্জাক (লন্ডনী) (৪২) নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে রবিবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে।
নিহত আব্দুর রাজ্জাক (লন্ডনী) রৌমারী সদর ইউনিয়নের চরবামনের চর গ্রামের জহির উদ্দিনের ছেলে। তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন। স্থানীয়ভাবে তিনি একজন উদ্যোক্তা হিসেবে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর থেকে মুরগির খাদ্য (ফিড) কিনে ব্যাটারিচালিত অটোভ্যানে করে রৌমারীর উদ্দেশে রওনা দেন রাজ্জাক। পথিমধ্যে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে ঢাকাগামী ‘আকশা পরিবহন’-এর একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২১৭৫১) এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার পরপরই বাসচালক ও সহকারী পালিয়ে যান। তবে জব্দ করা হয়েছে দুর্ঘটনাকবলিত বাসটি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
নিহতের মৃত্যুর খবরে রৌমারী ও চরবামনের চর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply