রৌমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে নিম্নমানের মাংস বিক্রির দায়ে এক মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা এবং জুয়া খেলার অপরাধে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৭ জুলাই) বিকেলে রৌমারী বাজারের ডিসি রোডস্থ ইসলামী ব্যাংকের সামনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার। আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুর নবী ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. রুবেল হোসেন।
জরিমানাপ্রাপ্ত মাংস বিক্রেতা আমিনুল ইসলাম (৩৭) রৌমারী উপজেলার ২নং শৌলমারী ইউনিয়নের বড়াইকাদি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি পচা ও নিম্নমানের মাংস বিক্রি করছিলেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং রাস্তার পাশ থেকে দোকান সরিয়ে নিতে নির্দেশ দেন।
অপরদিকে, রৌমারী সদর ইউনিয়নের নতুনবন্দর গ্রামের দছরুদ্দিনের ছেলে ইউসুফ আলী ওরফে বাদশা মিয়া (৫৫) কে জুয়া খেলার সময় আটক করে রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার জানান, পচা মাংস বিক্রয়ের বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। পরে মাংস বিক্রেতা আমিনুল ইসলামকে পশু জবাই মাংসের মান নিম্নমানের আইন ২০১১-এর ২৪(১) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে রাস্তার ধার থেকে দোকান সরানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়াও, ইউসুফ আলী ওরফে বাদশাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের জেল ও ৫০ টাকা জরিমানা করা হয়।
Leave a Reply