এনামুল হক সরকার, রাজারহাট প্রতিনিধি:
মনের ভয়কে দূর করি, স্বেচ্ছায় রক্তদান করি এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন ‘ব্লাড ব্যাংক কুড়িগ্রাম’-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজারহাট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয়, খেলাধুলা, বৃক্ষরোপণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে আয়োজনটি উদযাপন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক শফি খান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান, রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রহল্লাদ মন্ডল সৈকত, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সমন্বয়ক খন্দকার আরিফুল ইসলাম, ব্লাড ব্যাংক কুড়িগ্রামের সহ-প্রতিষ্ঠাতা মকবুল হোসেন, রাজারহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তাপস রায়।
বক্তারা বলেন, তরুণদের এই মানবিক উদ্যোগ সমাজে বড় পরিবর্তন আনতে পারে। রক্তদানে মানুষের জীবন বাঁচে এই চেতনা ছড়িয়ে দিতে হবে ঘরে ঘরে।
দিনশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
Leave a Reply