কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার ব্রহ্মপুত্রনদী বিধৌত কোদালকাটি ইউনিয়নকে নদী ভাঙনের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে চর উন্নয়ন কমিটি রাজিবপুর শাখা।
নদী পথে ২২ কিলোমিটারসহ মোট ৬২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোদালকাটির প্রায় দুই শতাধিক নদীভাঙন কবলিত মানুষ কুড়িগ্রাম শহরে এসে অংশ নেন এই কর্মসূচিতে।
মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন চর উন্নয়ন কমিটি চর রাজিবপুর শাখার সদস্য সচিব আমিনুর রহমান। বক্তব্য রাখেন জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কোদালকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়াদ্দার, ছফের আলী, আব্দুল বারী প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, বছরের পর বছর ধরে কোদালকাটি ইউনিয়নসহ ব্রহ্মপুত্র তীরবর্তী এলাকায় নদীভাঙন চললেও এখন পর্যন্ত টেকসই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে শত শত পরিবার ঘরবাড়ি হারিয়ে চরম দুর্দশায় জীবন যাপন করছে।
সমাবেশ শেষে মিছিল সহকারে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা স্মারকলিপি গ্রহণ করে বলেন, “উজান থেকে আসা পাহাড়ি ঢল ও পলির কারণে নদীতে ছোট ছোট চর সৃষ্টি হয়, যা পানির প্রবাহে বাঁধা দেয়। এতে করে নদীর ধারে ভাঙন শুরু হয়। তাই এসব চর অপসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, জেলায় ১৬টি নদ-নদীর অন্তত ২৫টি পয়েন্টে ভাঙন চলছে। ভাঙনরোধে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে মানববন্ধনে অংশ নেওয়া মানুষজন স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের মাধ্যমে কোদালকাটি ইউনিয়নসহ ব্রহ্মপুত্র তীরবর্তী সব চরাঞ্চল রক্ষার জোর দাবি জানিয়েছেন।
Leave a Reply