আব্দুল্লাহ আল আমিন, কুড়িগ্রাম প্রতিনিধি:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় নেতাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় কুড়িগ্রাম কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দোয়েল চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশে ড. আতিক মুজাহিদ বলেন, “এই জুলাই বিপ্লবীদের গায়ে যারা হাত দেবে, তাদের বঙ্গোপসাগরে পাঠানো হবে। আমরা কারো ভয় পাই না, বরং আমরাই সাহসের প্রতীক।” তিনি আরও বলেন, “গোপালগঞ্জকে ইন্ডিয়ান কলোনি বানানোর চেষ্টা করলে তা বরদাশত করা হবে না। গোপালগঞ্জকে আমরা বাংলাদেশের একটি জেলা হিসেবেই রাখতে চাই, কোনো বিদেশি প্রভাবে নয়।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপি নেতা মুকুল মিয়া, মাহমুদুল হাসান জুয়েল, মাসুম মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে তারা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
Leave a Reply