কুড়িগ্রাম প্রতিনিধি:
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “জুলাই আন্দোলন ১৬ বছরের দীর্ঘ আন্দোলনের পটভূমিতেই বিজয় অর্জন করেছে। ২০০৮ সালের পর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে সংগ্রাম শুরু হয়, তারই ধারাবাহিকতায় আজকের এই অর্জন।”
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের হাতে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আওয়ামী লীগের দোসররা নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতে চাইছে। কিন্তু বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানের নির্দেশে আন্দোলনে নিহত ও আহতদের পাশে দাঁড়িয়েছে।”
অনুষ্ঠানে কুড়িগ্রামের জুলাই আন্দোলনে নিহত ১০টি পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন রিজভী। তিনি বলেন, “এটাই বিএনপির রাজনৈতিক ও নৈতিক দায়বদ্ধতার প্রমাণ।”
রিজভী আরও বলেন, “দুয়েকটি ইসলামী দল জিয়াউর রহমানের অনুগ্রহে রাজনীতির সুযোগ পেয়েছে। প্রকৃতপক্ষে ইসলামের জন্য আন্তরিক অনুভূতি থাকলে সেটা বিএনপির মধ্যে রয়েছে।”
তিনি ইউটিউবসহ বিভিন্ন গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে “আজেবাজে কনটেন্ট” ছড়ানোর ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন এবং নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “কোনো উসকানিতে পা দেবেন না।”
Leave a Reply