কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ অর্থও জব্দ করা হয়েছে।
রবিবার (১৩ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২২ বীরের একটি টহল দল অভিযান চালিয়ে উলিপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। বিষয়টি সোমবার (১৪ জুলাই) সকালে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা মেজর শাহারিয়ার আহাদ।
আটককৃতরা হলেন উলিপুর উপজেলার দক্ষিণ মধুপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে জাহাঙ্গীর আলম এবং কাশিয়াগানি গ্রামের একাব্বর আলীর ছেলে রেজাউল করিম।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, টহল দলের অভিযানে আটক দুই মাদক কারবারির কাছ থেকে ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ হাজার টাকা নগদ অর্থ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ বলেন, আটক দুই মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযান ও চাঁদাবাজ বিরোধী অভিযান আগামীতে অব্যাহত থাকবে।
Leave a Reply