জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীর উপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে তিন দফা দাবিতে বিভাগীয় কার্যক্রম বন্ধ করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ওই বিভাগের শিক্ষার্থীরা।
রোববার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান শিক্ষার্থীরা।
বক্তব্যে বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাঁধন আহমেদ মারুফ বলেন, “শিক্ষক ও শিক্ষার্থীদের উপর ছাত্রদলের বর্বর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক সমিতির নিরবতা অত্যন্ত হতাশাজনক। এমন ঘটনা ছাত্রলীগের সময়ও দেখা যায়নি। তাহলে ছাত্রদল এত সাহস পেল কোথা থেকে?”
দাবিগুলো তুলে ধরে বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইরফান হোসেন বলেন, “সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত বিভাগের সব ক্লাস ও পরীক্ষা বর্জন থাকবে।”
তাদের তিন দফা দাবি হলো
১. ১৩ জুলাইয়ের মধ্যেই হামলার ঘটনায় তদন্ত সম্পন্ন করে প্রশাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণ।
২. যেসব চলমান শিক্ষার্থী শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত, তাদের অবিলম্বে বহিষ্কার ও বিচারের আওতায় আনা।
৩. সাবেক ছাত্রদের রাজনৈতিক উদ্দেশ্যে ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ এবং জড়িত সাবেকদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ।
এর আগে, সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেকের উপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। তার ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ তুলে শুরু হয় মারধর।
হামলা থেকে রক্ষা করতে এগিয়ে গেলে বিভাগীয় শিক্ষক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলামকেও গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এছাড়া শাখা বাগছাসের সভাপতি ফয়সাল মুরাদ, মুখ্য সংগঠক ফেরদৌস হাসান এবং যুগ্ম-আহ্বায়ক ফারুককেও ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এ ঘটনায় এখনো কোনো প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে ফুঁসছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
Leave a Reply