জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি থেকে আরও একজন সদস্য পদত্যাগ করেছেন। পারভেজ রানা প্রান্তের পদত্যাগের পর এবার পদত্যাগ করলেন আহ্বায়ক সদস্য ও আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবুল হাসান রানা।
শনিবার (১২ জুলাই) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
পদত্যাগপত্রে রাকিবুল হাসান রানা লেখেন, আসসালামু আলাইকুম। ব্যক্তিগত কারণে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির আহ্বায়ক সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছি।
তিনি লেখেন, জুলাই বিপ্লবের পর দেশের ছাত্ররাজনীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তনের যে আশা ছিল, তা বাস্তবে রূপ নেয়নি। বর্তমানে আমি চরম হতাশ এবং মানসিকভাবে বিপর্যস্ত।
ছাত্রদলের সঙ্গে পথচলায় সহযোদ্ধাদের ভালোবাসা পাওয়ার কথা স্মরণ করে রানা আরও জানান, হয়তো নিজের জায়গা থেকে দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেননি।
পোস্টের শেষ অংশে তিনি ছাত্রদলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে লেখেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের মতো স্বর্ণালী সময় যেন আবার ফিরে আসে এই প্রত্যাশায় দলের প্রতি শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
Leave a Reply