জবি প্রতিনিধি
সন্ত্রাস, চাঁদাবাজি ও ধর্ষণের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। শনিবার (১২ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে মিটফোর্ড হাসপাতালের সামনে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, “ক্ষমতায় যাওয়ার আগেই একটি রাজনৈতিক দল দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, চাঁদাবাজি ও ধর্ষণের মতো অপরাধে জড়িয়ে পড়েছে। এরা নিজের দলের কর্মীদেরই নিরাপত্তা দিতে ব্যর্থ, সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে দেবে।
সমাবেশে শিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ। অথচ আজ আমরা দেখছি, একদল প্রকাশ্যে সন্ত্রাস ও বর্বরতা চালাচ্ছে চাঁদাবাজি, গণধর্ষণ, এমনকি পাথর দিয়ে মানুষ হত্যা পর্যন্ত করছে।
তিনি আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লাল সন্ত্রাসীরা আমাদের ভাইদের হত্যা করেছিল। আজ আবার সেই বর্বরতার পুনরাবৃত্তি ঘটছে।”
কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা অভিযোগ করেন, “মিটফোর্ডে আমার ভাইকে হত্যা করে আমাদের ভীত করার চেষ্টা চলছে। কিন্তু বাংলাদেশের মানুষ ইতোমধ্যে ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, চাঁদাবাজদের বিরুদ্ধেও একইভাবে রুখে দাঁড়াবে।”
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন বলেন, “জুলাই বিপ্লব আওয়ামী জাহেলিয়াতের কবর রচনা করেছে। তবে আজ নতুন জাতীয়তাবাদী জাহেলিয়াত মাথাচাড়া দিয়ে উঠছে। ছাত্র জনতা সজাগ রয়েছে। সন্ত্রাসীদের দমন না করলে আমরা রাজপথে প্রতিরোধ গড়ে তুলব।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন—কেন্দ্রীয় ছাত্রধিকার সম্পাদক আমিরুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলাম, ঢাকা মহানগর পূর্ব সভাপতি আসিফ আব্দুল্লাহ প্রমুখ।
Leave a Reply