রোকনুজ্জামান রোকন, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলার ঐতিহ্যবাহী যাত্রাপুর নৌকা ঘাটে অতিরিক্ত অর্থ আদায়ের বিরুদ্ধে মানববন্ধন করেছে চরাঞ্চলের সাধারণ মানুষ। শনিবার (১২ জুলাই) দুপুরে যাত্রাপুর ইউনিয়নের এই ঘাট এলাকায় শত শত চরের মানুষ অংশগ্রহণ করেন মানববন্ধনে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, যাত্রাপুর হাটে শনিবার ও মঙ্গলবার চরের লাখো মানুষ হাট করতে আসেন। কিন্তু হাটে প্রবেশের সময় এবং কৃষিপণ্য বিক্রির ক্ষেত্রে ঘাট ইজারাদারদের পক্ষ থেকে নির্ধারিত খাজনার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এতে করে চরাঞ্চলের সাধারণ কৃষক ও হাটে আগত ক্রেতা-বিক্রেতারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন যাত্রাপুর হাটের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল আর্মি, যাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রহিমুদ্দিন হায়দার রিপন, ইউপি সদস্য আবু রায়হান, আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অবিলম্বে ঘাটে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং ন্যায়সংগত হারে খাজনা আদায়ের দাবি জানান।
চরবাসীর পক্ষ থেকে জানানো হয়, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
Leave a Reply