কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ড. ফয়জুল হক। তিনি আজ (১২ জুলাই) এক বিবৃতিতে জানান, গভীর বিবেচনার পর তিনি দলের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তিনি ঝালকাঠী-১ (রাজাপুর–কাঠালিয়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
ড. ফয়জুল হক ২০১৫ সালে বিএনপির মালয়েশিয়া কমিটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ঝালকাঠী-১ ও ঝালকাঠী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি।
তিনি জানান, দেশে ও বিদেশে থেকে বিগত বছরগুলোতে বিএনপি ছাড়াও জামায়াত, হেফাজত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন ইসলামপন্থী ও সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষে অবস্থান নিয়েছেন। সবসময়ই তিনি একটি ন্যায়ভিত্তিক ও মূল্যবোধসম্পন্ন রাজনীতির পক্ষে ছিলেন।
পদত্যাগপত্রে ড. ফয়জুল হক অভিযোগ করেন, ৫ আগস্টের ঘটনার পর থেকে বিএনপির রাজনৈতিক নেতৃত্ব বামঘেঁষা মতাদর্শের দিকে ঝুঁকে পড়েছে, যা তার চেতনাসম্মত রাজনীতির পরিপন্থী। ইসলামপন্থী দল ও চিন্তাবিদদের বিরুদ্ধে বিএনপির সাম্প্রতিক অবস্থান তাকে ব্যথিত করেছে। তিনি বলেন, “আমি একজন ডানপন্থী রাজনীতিক হিসেবে বুঝতে পারছি, আমাকে দলীয় রাজনীতিতে কোণঠাসা করা হয়েছে।”
তিনি স্পষ্ট করেন যে, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা সহিংসতাকে তিনি কখনোই সমর্থন করেননি। সত্য ও মানবতার পক্ষে অবস্থান নেওয়াকেই তিনি নিজের রাজনৈতিক আদর্শ হিসেবে মেনে চলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তিনি শ্রদ্ধা জানান এবং বলেন, “তাঁদের দেশপ্রেম ও ত্যাগকে আমি চিরকাল সম্মান করি।”
ড. ফয়জুল হক তার পদত্যাগের মাধ্যমে একটি স্বাধীন, স্বতন্ত্র ও নীতিনিষ্ঠ রাজনৈতিক পথচলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “আজ থেকে আমি আর কোনো দলীয় পরিচয়ের ছায়ায় নয় বরং একজন স্বাধীনচেতা দেশপ্রেমিক মানুষ হিসেবে ভালোকে ভালো ও মন্দকে মন্দ বলার সাহস নিয়ে পথ চলতে চাই।”
তিনি সকলের দোয়া কামনা করেন এবং বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান।
Leave a Reply